আজকের দিনে আমরা স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। ফোনে কল করা, মেসেজ দেওয়া, ছবি তোলা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুই নির্ভর করে টাচ স্ক্রিনের ওপর। তাই স্ক্রিন হঠাৎ কাজ না করলে বড় সমস্যার মুখোমুখি হতে হয়।

অনেক সময় দেখা যায়, ফোনে ট্যাপ বা সুইপ করলে সাড়া পাওয়া যায় না। আবার কখনো স্ক্রিন হ্যাং হয়ে যায়, অথবা খুব ধীরে কাজ করে। এ ধরনের সমস্যার নানা কারণ থাকতে পারে যেমন সফটওয়্যারের ত্রুটি, অনেক বেশি অ্যাপ চালানো, ফোনের মেমোরি পূর্ণ হয়ে যাওয়া, অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিংবা ফোন পুরনো হয়ে যাওয়া।

ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটি সাধারণ পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসেই টাচ স্ক্রিনের সমস্যা সমাধান করা যায়। চলুন, সেই উপায়গুলো জেনে নেওয়া যাক।


১. ফোর্স রিস্টার্ট করুন

টাচ স্ক্রিন কাজ না করার সবচেয়ে সহজ সমাধান হলো ফোন ফোর্স রিস্টার্ট করা। এতে ফোনের সিস্টেম নতুনভাবে চালু হয় এবং ছোটখাটো সমস্যা দূর হয়ে যায়।

  • অ্যান্ড্রয়েড ফোনে: পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসঙ্গে ১০ থেকে ১৫ সেকেন্ড চেপে ধরুন।

  • আইফোনে: প্রথমে ভলিউম আপ চাপুন, তারপর ভলিউম ডাউন চাপুন। এরপর পাওয়ার বাটন ধরে রাখুন যতক্ষণ না অ্যাপলের লোগো দেখা যায়।

অনেক সময় শুধু এই ধাপেই টাচ স্ক্রিন ঠিক হয়ে যায়।


২. চার্জ দিন

ব্যাটারি খুব কমে গেলে ফোনের টাচ স্ক্রিন ঠিকমতো সাড়া নাও দিতে পারে। এ সময় ফোন চার্জারে লাগান এবং অন্তত ৫–১০ মিনিট অপেক্ষা করুন। চার্জ নেওয়ার পর আবার ফোর্স রিস্টার্ট করে দেখুন সমস্যা ঠিক হয়েছে কি না।


৩. সেফ মোডে ফোন চালু করুন

কোনো অ্যাপ যদি সমস্যার কারণ হয়, তবে সেফ মোড ব্যবহার করতে হবে। সেফ মোডে শুধু ফোনের মূল সিস্টেম অ্যাপ চালু থাকে, অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ কাজ করে না।

যদি সেফ মোডে স্ক্রিন ভালোভাবে কাজ করে, তাহলে ধরে নিতে হবে সম্প্রতি ইনস্টল করা কোনো অ্যাপই সমস্যার জন্য দায়ী। তখন সেই অ্যাপগুলো একে একে মুছে ফেলতে হবে।


৪. ফোন ঠান্ডা হতে দিন

ফোন দীর্ঘ সময় চার্জে থাকলে বা ভারী গেম খেলার সময় অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত তাপ ফোনের প্রসেসরকে ধীর করে দেয়, ফলে স্ক্রিনও সাড়া দেয় না।

এক্ষেত্রে ফোন কিছুক্ষণ বন্ধ করে ঠান্ডা ও শুকনো জায়গায় রেখে দিন। ফোন ঠান্ডা হলে আবার চালু করুন। অনেক সময় এভাবেই টাচ স্ক্রিন আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করে।


৫. স্টোরেজ খালি করুন

ফোনে যদি অনেক ছবি, ভিডিও বা অ্যাপ জমে যায়, তাহলে মেমোরি প্রায় পূর্ণ হয়ে যায়। এতে ফোনের গতি ধীর হয়ে যায় এবং স্ক্রিনও সমস্যা করতে শুরু করে।

সমাধান হিসেবে

  • অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, গান বা ফাইল মুছে ফেলুন।

  • ব্যবহার না করা অ্যাপ আনইনস্টল করুন।

  • অ্যাপ ক্যাশ ও অস্থায়ী ফাইল ডিলিট করুন।

এভাবে স্টোরেজ খালি করলে ফোনের গতি বাড়বে এবং স্ক্রিনও ভালোভাবে কাজ করবে।


৬. ফ্যাক্টরি রিসেট করুন

উপরের সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হলো ফ্যাক্টরি রিসেট করা। এতে ফোন একেবারে নতুন অবস্থায় ফিরে যায়। সব অ্যাপ, সেটিংস এবং ব্যক্তিগত ডেটা মুছে যায়।

ফ্যাক্টরি রিসেট করলে

  • সফটওয়্যারের ত্রুটি দূর হয়।

  • ভাইরাস বা ম্যালওয়্যার মুছে যায়।

  • ফোন নতুনের মতো দ্রুতগতিতে কাজ করতে শুরু করে।

তবে মনে রাখবেন, ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় তথ্য যেমন ছবি, ভিডিও, কনট্যাক্ট লিস্ট ইত্যাদি অন্য কোথাও ব্যাকআপ নিয়ে রাখুন।


অতিরিক্ত কিছু টিপস

  • স্ক্রিন সবসময় পরিষ্কার রাখুন। ধুলো-ময়লা বা তেল জমে গেলে স্ক্রিন সাড়া দিতে দেরি করে।

  • ফোনে অরিজিনাল চার্জার ব্যবহার করুন। নকল চার্জার অনেক সময় স্ক্রিনের সমস্যার কারণ হতে পারে।

  • ফোন কভার বা প্রটেক্টর অতিরিক্ত মোটা হলে টাচ সেন্সর সঠিকভাবে কাজ না-ও করতে পারে। প্রয়োজনে তা পরিবর্তন করুন।

ফোনের টাচ স্ক্রিন কাজ না করলে ভয়ের কিছু নেই। প্রথমে ছোট ছোট উপায়গুলো চেষ্টা করুন ফোর্স রিস্টার্ট, চার্জ দেওয়া, সেফ মোডে চালানো, ফোন ঠান্ডা করা বা মেমোরি খালি করা। সাধারণত এগুলো করলেই সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি সব কিছু করার পরও সমাধান না পান, তবে ফ্যাক্টরি রিসেট করুন বা প্রয়োজনে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

একটু সচেতনতা আর নিয়মিত যত্ন নিলে ফোনের টাচ স্ক্রিন দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা সম্ভব।

Share.
Leave A Reply

Exit mobile version