দেশের স্মার্টফোন বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই নকশাকে গুরুত্ব দিয়ে নতুন একটি মডেল আনতে যাচ্ছে অপো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অপো এ৬’ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা একবার পুরো চার্জ দিলে প্রায় ৩০ ঘণ্টা টানা ইউটিউব ভিডিও দেখা কিংবা ২৪ ঘণ্টারও বেশি সময় হোয়াটসঅ্যাপ ও ইমোর মতো অ্যাপে ভয়েস কল করার সুযোগ দেয়। ফলে যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন বা ভ্রমণের সময় চার্জ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাঁদের জন্য এটি বেশ কার্যকর হতে পারে।
অপো এ৬ মডেলটি আইপি৬৯ মানের সুরক্ষা প্রযুক্তি সমর্থিত। ফোনটির ভেতরে রয়েছে বিশেষ ব্রেথেবল মেমব্রেন ও সিলিং ব্যবস্থা, যা পানির ছিটা, বৃষ্টি কিংবা চা–কফি পড়লেও ফোনের ভেতরের যন্ত্রাংশকে সুরক্ষিত রাখে। দৈনন্দিন ব্যবহার ও দুর্ঘটনাজনিত ভেজাভাবের ক্ষেত্রেও ফোনটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম বলে দাবি করছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে। পাশাপাশি বড় আকারের ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহারের ফলে দীর্ঘ সময় গেম খেলা বা ভিডিও দেখার সময় ফোন অতিরিক্ত গরম হয় না। এছাড়া এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি থাকায় দুর্বল নেটওয়ার্কের এলাকাতেও কলের স্বচ্ছতা ও ইন্টারনেট সংযোগ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
ফটোগ্রাফির জন্য অপো এ৬–এর পেছনে রয়েছে এআই–সমর্থিত ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যা কম আলোতেও উন্নত মানের ছবি তুলতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া এআই ইরেজার ফিচার থাকায় ছবির ভেতরের অপ্রয়োজনীয় বস্তু বা মানুষ সহজেই মুছে ফেলা যাবে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ারের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।
ফোনটি ১২৮ গিগাবাইট স্টোরেজসহ বাজারে আসছে এবং ৬ ডিসেম্বর নয়, ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে দুটি র্যাম সংস্করণে পাওয়া যাবে। ৬ গিগাবাইট র্যাম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা, আর ৮ গিগাবাইট র্যাম সংস্করণের মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা। আগ্রহী ক্রেতারা অগ্রিম অর্ডার করলে লটারির মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগও পাবেন।
সব মিলিয়ে শক্তিশালী ব্যাটারি, টেকসই বডি, এআই ফিচার ও প্রতিযোগিতামূলক দামের সমন্বয়ে অপো এ৬ দেশের মিড–রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন বিকল্প হিসেবে জায়গা করে নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
